Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ট্রাইব্রেকারে পূর্বধলা ইউনাইটেডের জয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

নেত্রকোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ট্রাইব্রেকারে পূর্বধলা ইউনাইটেডের জয়

May 15, 2026 01:08:33 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ট্রাইব্রেকারে পূর্বধলা ইউনাইটেডের জয়

নেত্রকোণা প্রতিনিধি:
“সুস্থ দেহ, সুন্দর মন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার ঐতিহ্যবাহী মুক্তারপাড়া মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় নেত্রকোণা হাসমত আলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ খেলায় অংশ নেয় ইঞ্জিনিয়ার সুপারসনিক ফুটবল টিম (সদর, নেত্রকোণা) ও পূর্বধলা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব (পূর্বধলা, নেত্রকোণা)।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা হেযবুত তওহীদের সভাপতি আবদুল কাইয়ুম, নেত্রকোণা সদর উপজেলা সভাপতি মোশারফ হোসেন, পূর্বধলা উপজেলা সভাপতি মো. আল-আমিন, নেত্রকোণা জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম তারেক, ময়মনসিংহ বিভাগীয় অনলাইন প্রচার সম্পাদক তানভীর মাহি রাওফা, নেত্রকোণা জেলা দৈনিক দেশের পত্র পত্রিকার সার্কুলেশন দায়িত্বশীল উমর ফারুক, জেলা অর্থ সম্পাদক সুলতান আহমদ এবং নেত্রকোণা জেলা ছাত্র ফোরামের সভাপতি হাবিবুর রহমান রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারেও ৩-৩ গোলে সমতা বিরাজ করলে পুনরায় শট নেওয়া হয়। পরে ১-০ গোলে জয় নিশ্চিত করে পূর্বধলা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনের পথে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।