


গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সংগঠনটির উপজেলা শাখা।
গতকাল সন্ধ্যায় গলাচিপা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
কর্মসূচির শুরুতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা মশাল হাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। দেশের জনগণের অধিকার হরণকারীদের বিচার একদিন হবেই। আমরা যেকোনো অন্যায়-অত্যাচার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
সমাবেশে উপজেলা গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।