Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁন: রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না - দৈনিক দেশেরপত্র -...

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁন: রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না

May 09, 2026 04:40:15 PM   অনলাইন ডেস্ক
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁন: রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় অনুভূতি ব্যবহার এবং শহীদ ওসমান হাদীকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন সরাসরি মন্তব্য করে বলেন, “রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। তার এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার জন্ম দেয়।

পোস্টে তিনি শহীদ ওসমান হাদীর প্রসঙ্গ টেনে এনসিপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। রাশেদ খাঁনের দাবি, ওসমান হাদী জীবিত থাকা অবস্থায় এনসিপি তাকে যথাযথভাবে গ্রহণ করেনি, বরং অনেক ক্ষেত্রে এড়িয়ে চলেছে। তবে তার মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খান তার পোস্টে লিখেছেন, ওসমান হাদী এনসিপি সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছিলেন—যার মধ্যে ছিল জুলাই আন্দোলনকে দলীয়করণ, কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য নষ্ট করার বিষয়।

তিনি আরও দাবি করেন, একসময় যেসব নেতারা ওসমান হাদীকে গুরুত্ব দিতেন না, এখন তার মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে “আইডল” হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তার মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের একটি উদাহরণ।

রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদে গিয়ে “আমরা সবাই হাদী হবো” ধরনের স্লোগান দিলেও তিনি সত্যিই ওসমান হাদীর আদর্শ ধারণ করেন কিনা, নাকি তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে যেমন একটি রাজনৈতিক শক্তি জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল, তেমনি এখন ওসমান হাদীর জনপ্রিয়তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

তার এই মন্তব্যে এনসিপি ও নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা।