Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / লাইফ সাপোর্টে কায়সার হামিদের মেয়ে কারিনা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লাইফ সাপোর্টে কায়সার হামিদের মেয়ে কারিনা!

May 09, 2026 05:52:10 PM   বিনোদন ডেস্ক
লাইফ সাপোর্টে কায়সার হামিদের মেয়ে কারিনা!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে এবং জনপ্রিয় কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার লিভার জটিলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারিনার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ নামে পরিচিত জনপ্রিয় কনটেন্ট নির্মাতা কামরুন নাহার ডানা। শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রথমে কারিনাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও গত রাত থেকে তার অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ডানা আরও জানান, কারিনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে পরিবার।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “আমরা সবাই জানি, কারিনা কতটা মেধাবী ও অসাধারণ একজন মানুষ। আমরা তাকে এভাবে হার মানতে দিতে পারি না। সবাই তার জন্য দোয়া করবেন।”

চিকিৎসার ব্যয়ভার বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। আপাতত পরিবারের একমাত্র চাওয়া সবার আন্তরিক প্রার্থনা।

উল্লেখ্য, কারিনা কায়সার শোবিজ অঙ্গনেও কাজ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা পারভীন দিগির সঙ্গে “৩৬-২৪-৩৬” চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন। পরে মূলত অনলাইন কনটেন্ট ও ডিজিটাল মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন।