


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ব্যস্ত বাজার এলাকায় সংঘটিত এ বিস্ফোরণে নিহতদের মধ্যে ট্রাফিক পুলিশের দুই সদস্যও রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সারাই নওরং তহসিলের নওরং বাজার এলাকায় নওরং পুলিশ স্টেশনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের আর্তচিৎকারে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি রিকশার পাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে থাকা পথচারী, ব্যবসায়ী ও ক্রেতারাই সবচেয়ে বেশি হতাহত হন।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র শাদাব খান জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই অ্যাম্বুলেন্স ও বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
নওরং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সাতজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর নওরং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকিৎসকরা আহতদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
এদিকে বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে এলাকা নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।