


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার আর্ট নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস এবং ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আলী নূর মোহাম্মদ বাসার আহমেদ। প্রধান বক্তা হিসেবে নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শেখ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহিরুল ইসলাম এবং আর্ট নার্সিং কলেজের চেয়ারম্যান কামরুল হাসান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোবেদা খানম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক জাহানারা বেগম এবং নার্সেস অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমত জাহান লুবনা।
সভাপতির বক্তব্যে কলেজের চেয়ারম্যান কামরুল হাসান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতে একটি বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, পরীক্ষায় যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করবেন, প্রতিষ্ঠান থেকে তাদের মাসিক বেতন অর্ধেক করে দেওয়া হবে। তার এই ঘোষণায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
বক্তারা তাদের আলোচনায় সেবামূলক পেশা হিসেবে নার্সিংয়ের মহানুভবতা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় নার্সদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি একটি সুন্দর ও দক্ষ নার্সিং ক্যারিয়ার গড়ার বিষয়ে তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।