Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত অফিস সহায়কের মৃত্যু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত অফিস সহায়কের মৃত্যু!

May 15, 2026 12:45:21 PM   জেলা প্রতিনিধি
পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত অফিস সহায়কের মৃত্যু!

বোরহান উদ্দিন,  রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে অফিসের জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া নিরাপদ খাদ্য অফিসের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি প্রায় পাঁচ বছর ধরে রাজবাড়ী নিরাপদ খাদ্য অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। দায়িত্বশীল ও শান্ত স্বভাবের হওয়ায় সহকর্মীদের কাছেও তিনি ছিলেন বেশ পরিচিত।

জানা গেছে, গত রোববার (১০ মে) বিকেলে অফিস ছুটির আগে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত নিরাপদ খাদ্য অফিসে জাতীয় পতাকা নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। পতাকা নামাতে গিয়ে ব্যবহৃত স্টিলের পাইপটি অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে ঝলসে যান মনিরা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অফিসে তেমন কেউ উপস্থিত না থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন। পরে সেখানে তাকে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, “মনিরা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে এসডিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি মারা যান। মরদেহ রাজবাড়ীতে আনার প্রস্তুতি চলছে।”

মনিরার এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। দায়িত্ব পালন করতে গিয়ে তার এ করুণ মৃত্যুতে অনেকে দুঃখ প্রকাশ করেছেন।