


পাবনার ঈশ্বরদীতে বাজি ধরে কলা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তিন কিশোর। পরে স্থানীয়রা তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিনজনই স্কুলশিক্ষার্থী এবং উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়া শেষে ওই তিন কিশোর অটোরিকশায় করে দাশুড়িয়া থেকে মুলাডুলির দুবলচারা এলাকায় ঘুরতে যায়। সেখানে নিজেদের মধ্যে বাজি ধরে তারা একটি কলাবাগানে ঢুকে কয়েকটি কলা চুরি করে।
তবে বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে পড়লে তারা তিন কিশোরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, আটক তিন শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।