


গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। বুধবার গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে রিজভী বলেন, সম্প্রতি একটি পোশাক কারখানাকে ঘিরে পরাজিত শক্তি ও তাদের দোসররা সামাজিকভাবে তাকে এবং বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২-এর শ্রমিক ছাঁটাইয়ের পর আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য নগদ অর্থ প্রদান করা হয় ১৪ অক্টোবর ২০২৪। এ সময় কারখানা কর্তৃপক্ষ গাজীপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেন। তার অনুরোধে অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শ্রমিকদের ন্যায্য অর্থ বুঝিয়ে দেন কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, অনুষ্ঠানের পর বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে, শ্রমিকদের টাকার একটি অংশ কোনও একটি প্রতারক চক্র শ্রমিক নেতা সেজে জোরপূর্বক নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
রিজভী আরও বলেন, এই মিথ্যা অপপ্রচার শুধু তাকে নয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি এবং শুধুমাত্র মনগড়া তথ্য দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে তাকে হামলা-মামলা ও নির্যাতন করে আদর্শ থেকে টলাতে পারেনি।
রিজভী কুচক্রী মহলকে উদ্দেশ্য করে বলেন, যদি তারা উদ্দেশ্যমূলকভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার মিথ্যা অপপ্রচার চালানো বন্ধ না করে, তাহলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আজীবন এদেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। স্বৈরাচার সরকারের কোনো অপশক্তির অপপ্রচার বা ষড়যন্ত্র তাকে দমাতে পারবে না।