


পটুয়াখালীর বাউফল উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রের বাইরে কুড়ালসহ এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পরীক্ষার্থীসহ মোট ছয়জনকে থানায় নেওয়া হলেও পরে তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় খাতা দেখা নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে আবারও উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
এ সময় কেন্দ্র থেকে বের হওয়ার পথে এক কিশোরের ব্যাগ তল্লাশি করে একটি কুড়াল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তার সঙ্গে থাকা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়।
কেন্দ্রের সুপার মাওলানা মু. নুরুল আমিন বলেন, আগের ঘটনার জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়ানো হয়েছিল।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা মু. আ. রব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী স্বীকার করেছে, অন্য এক পরীক্ষার্থীর ডাকে সে কুড়াল নিয়ে কেন্দ্রে আসে।
বাউফল থানা-র ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আটক সবাই অপ্রাপ্তবয়স্ক। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।