


রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ দুই দেশের প্রযুক্তি ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি দুই দেশের কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, একই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও বৈঠকে অংশ নেন।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুই দেশই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
রোসাটমের এই উচ্চপর্যায়ের সফরকে কেন্দ্র করে পারমাণবিক শক্তি ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।