Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই, মিডিয়ায় শোকের ছায়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই, মিডিয়ায় শোকের ছায়া

February 06, 2026 08:56:10 PM   অনলাইন ডেস্ক
প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই, মিডিয়ায় শোকের ছায়া

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আগামীকাল শনিবার, ৭ ফেব্রুয়ারি, বেলা ১টায় তাঁর জানাজা প্রথমে জাতীয় প্রেস ক্লাব এবং পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।


জাকারিয়া কাজল ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইকোনমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) এর স্থায়ী সদস্য। তিনি বাংলা টিভি ও যমুনা টিভির হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভার সংবাদপত্রে দীর্ঘদিন সংবাদপাঠক ও প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা জাকারিয়া কাজল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে একজন প্রতিষ্ঠিত নাম। তাঁর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, ইআরএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।


জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।