Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / প্রেমের সম্পর্কে বিয়ে, নিজ বাড়িতে শিকলবন্দি কিশোরী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমের সম্পর্কে বিয়ে, নিজ বাড়িতে শিকলবন্দি কিশোরী

May 01, 2026 11:31:56 AM   অনলাইন ডেস্ক
প্রেমের সম্পর্কে বিয়ে, নিজ বাড়িতে শিকলবন্দি কিশোরী

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শিকলবন্দি এক কিশোরীকে উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে প্রায় তিন মাস আগে ওই কিশোরী ঘর ছেড়ে বিয়ে করে। পরে পরিবারের আশ্বাসে বাবার বাড়িতে ফিরে গেলে গত ১২-১৫ দিন ধরে তাকে লোহার শিকলে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল।

এ ঘটনায় কিশোরীর শ্বশুর অভিযোগ দিলে মো. মোনাববর হোসেন বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে পুলিশ ও সমাজসেবা বিভাগের সমন্বয়ে অভিযান চালানো হয়।

অভিযানে কিশোরীকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মুক্ত করা হয়। পরে সে জানায়, সে স্বামীর কাছে যেতে চায়। তবে তার বয়স ১৮ বছরের নিচে (১৭ বছর ৯ মাস) হওয়ায় এবং বিয়ের বৈধ কাগজপত্র না থাকায় বিষয়টি আইনগত জটিলতার মধ্যে পড়ে, যা বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী অবৈধ।

উদ্ধারের পর কিশোরীকে নিরাপত্তার স্বার্থে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা)এ পাঠানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক জানান, সেখানে তাকে প্রয়োজনীয় সেবা ও তত্ত্বাবধানে রাখা হবে।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের অমানবিক ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

ডিপি/ আবদুল্লাহ