


ফেনী জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তিগত সহায়তায় ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এই ফোনগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে খোয়া যাওয়া মোবাইল ফোনের বিষয়ে ভুক্তভোগীরা ফেনীর বিভিন্ন থানায় জিডি করেছিলেন। এসব জিডির সূত্র ধরে জেলা পুলিশের সাইবার সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করে।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফেনীর পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান নিজে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা ফেনী জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।