Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ৭

May 06, 2026 07:40:47 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ৭

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে অটোরিকশা ছিনতাই করত একটি দল। এই চক্রের মূল হোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা ৪টি ইজিবাইক, ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ৫ মে ভোরে বগুড়া শহরের চারামাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের মামুন শিকদার, বরিশালের মিঠু পাটোয়ারী, গাইবান্ধার সুমন মিয়া এবং পটুয়াখালীর জাকির হোসেন ও নিজাম। এছাড়া ছিনতাই করা ইজিবাইক কেনাবেচার সাথে জড়িত থাকায় রংপুরের ওবায়দুল ইসলাম বেগ ও জাহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালের সামনে থেকে এক চালককে ভয় দেখিয়ে এবং ভুয়া পুলিশ পরিচয় দিয়ে একটি ইজিবাইক ছিনতাই করে এই চক্রটি। ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের শনাক্ত করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আগে থেকেই চুরি ও ডাকাতির একাধিক মামলা আছে।

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফজলুল হক এই অভিযানে নেতৃত্ব দেন। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ এ ধরণ এর অভিযান নিয়মিত চালিয়ে যাবে।