Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির, নিলেন খোঁজখবর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যা...

ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির, নিলেন খোঁজখবর

May 09, 2026 11:32:28 AM   অনলাইন ডেস্ক
ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির, নিলেন খোঁজখবর

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের গুরুতর আহত যোদ্ধাদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) তিনি ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান হাসপাতালে পৌঁছে একে একে প্রতিটি আহত যোদ্ধার শয্যাপাশে যান। তিনি তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন, এই যোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতা জাতির জন্য গর্বের বিষয় এবং তাদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে চিকিৎসাধীন আহতরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা বিশেষ করে “জুলাই সনদ” ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা প্রয়োজন।

হাসপাতাল পরিদর্শনের সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। পুরো সফরকালে তিনি চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

উল্লেখ্য, এর আগে ডা. শফিকুর রহমান জাপান সফর শেষ করে এই কর্মসূচিতে যোগ দেন। দলীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি তিনি শুরু থেকেই গুরুত্ব দিয়ে অনুসরণ করে আসছেন।