Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ভারতে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন সংকটের শঙ্কা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন সংকটের শঙ্কা!

May 01, 2026 09:15:35 PM   আন্তর্জাতিক ডেস্ক
ভারতে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন সংকটের শঙ্কা!

আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম একলাফে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। তবে গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে প্রায় ৯৯৩ রুপি বেড়েছে। এতে করে বিভিন্ন শহরে নতুন দামে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে, যা রেস্তোরাঁ ও ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

রাজধানী দিল্লিতে যেখানে আগে একটি ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ২,০৭৮.৫০ রুপি, সেখানে নতুন দামে তা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে ৩,০২৪ রুপিতে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছে।

এটি চলতি বছরের মধ্যে বাণিজ্যিক এলপিজির তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চে ১৪৪ রুপি এবং এপ্রিলের শুরুতে প্রায় ২০০ রুপি দাম বাড়ানো হয়েছিল। ফলে টানা কয়েক দফা বৃদ্ধিতে ব্যবসায়িক খরচ দ্রুত বেড়ে যাচ্ছে।

হোটেল, রেস্তোরাঁ ও খাদ্যভিত্তিক ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে রান্নার জন্য বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। ফলে এর প্রভাব খাবারের দামে পড়ার সম্ভাবনাও রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় তেল বিপণন কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক চাপের মধ্যে রয়েছে। তারা বেশি দামে জ্বালানি কিনলেও খুচরা বাজারে সমন্বয় করতে না পারায় লোকসান বাড়ছে।

এদিকে, ১ মে থেকে ভারতে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শহর এলাকায় সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এই সময়সীমা সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানানো হয়েছে।

জ্বালানি খাতে এই নতুন মূল্যবৃদ্ধি ভারতের সাধারণ বাজার ও ব্যবসায়িক খরচে নতুন চাপ তৈরি করেছে।