


নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। এই আবহে সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীরাও তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেন। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জানিয়েছেন, কীভাবে তিনি ২০২৬ সালকে আরও অর্থবহ ও প্রেরণামূলক করে তুলতে চান।
তিনি বলেন, “বিদায়ী বছরটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি নিয়মিত কাজ করেছি এবং সেই সঙ্গে নিজের কিছু ভুলও উপলব্ধি করেছি। চেষ্টা করেছি ভিউয়ের হিসাব না করে গল্প এবং চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শকরা পছন্দ করেছেন, আবার কিছু কাজ আমাকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করেছে।”
তটিনী আরও জানান, “২০২৫ সালে আমি ‘তোমায় পাব কি’, ‘বউয়ের বিয়ে’, ‘হৃদয়ের রঙ’, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘দূর থেকে ভালোবাসি’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছি। বছরের শেষ দিকে ‘হৃদয়ের গভীরে’ নাটকটিও দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।”
নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমি চাই, নতুন বছরে আরও সচেতনভাবে কাজ করতে। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং প্রতিষ্ঠিত নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে অভিনয় করতে চাই যা আমাকে একজন অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে এবং আরও মেলে ধরবে আমার অভিনয়ক্ষমতা।”
তিনি শেষ করেছেন, “ভালো গল্প ও বিশ্বাসযোগ্য চরিত্রে অভিনয় করতে পারলেই আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় অর্জন।”