Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাওনা চৌরাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয়রা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাওনা চৌরাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয়রা

September 14, 2025 06:38:20 PM   অনলাইন ডেস্ক
মাওনা চৌরাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয়রা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়ালসড়কের নিচে এবং সংযোগ সড়কের প্রায় ৫০০ মিটার অংশজুড়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে এই ভোগান্তি চলে এলেও তা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর-বরমী প্রবেশ সড়ক এবং মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রবেশমুখে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সড়কগুলো দিয়ে প্রতিদিন শত শত গণপরিবহন ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি চলাচল করে, ফলে হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, আশপাশের বহুতল ভবন ও মার্কেটের বর্জ্যমিশ্রিত পানি পাইপলাইনের মাধ্যমে সরাসরি রাস্তার পাশের ড্রেনে ফেলা হয়। এতে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নামতে পারে না এবং সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের প্রায় ৫০০ মিটার অংশজুড়ে পানি জমে আছে। এর মধ্য দিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন। এ সময় বর্জ্যমিশ্রিত পানি পথচারীদের গায়ে ছিটকে যাওয়া নিয়ে চালক ও পথচারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মিলন আহমেদ বলেন, "আশপাশের বাসাবাড়ির বর্জ্য পাইপলাইনের মাধ্যমে ড্রেনে ফেলার কারণে সেগুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এত সুন্দর একটি রাস্তা বর্ষাজুড়ে পানিতে ডুবে থাকে। বৃষ্টি হলেই রাস্তায় নদীর মতো ঢেউ ওঠে।"

স্থানীয় বাসিন্দা আমান উল্লাহ বলেন, "পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার পরও ড্রেন পরিষ্কার না করায় সড়কে হাঁটুপানি জমে থাকে। প্রতি বর্ষায় এখানকার মানুষকে এই ভোগান্তি পোহাতে হয়।"

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, "মাওনা-শ্রীপুর রাস্তার দুই পাশের ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলমান আছে। তবে কাজটি এখনও সম্পন্ন হয়নি। আশা করা যায়, ড্রেন পরিষ্কার হয়ে গেলে জলাবদ্ধতার সমস্যা কেটে যাবে।"