Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / স্বাস্থ্য / মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা, ভারতে চালু নতুন ইনজেকশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা, ভারতে চালু নতুন ইনজেকশন

May 18, 2026 03:35:55 PM   আন্তর্জাতিক ডেস্ক
মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা, ভারতে চালু নতুন ইনজেকশন

ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো মাত্র ৭ মিনিটে প্রয়োগযোগ্য বিশেষ ক্যানসার ইনজেকশন চালু করেছে রোশ ফার্মা ইন্ডিয়া। ‘টিসেন্ট্রিক’ নামের এই আধুনিক চিকিৎসা পদ্ধতি বিশেষভাবে নন-স্মল সেল লাং ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এটি রোগীদের দীর্ঘ সময় হাসপাতালে থাকার ভোগান্তি কমাবে এবং ক্যানসার চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত ইমিউনোথেরাপিতে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা স্যালাইনের মাধ্যমে ওষুধ নিতে হয়। কিন্তু নতুন এই পদ্ধতিতে ওষুধটি সরাসরি ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় এবং পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র সাত মিনিট।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বিশেষ করে বয়স্ক রোগী, শারীরিকভাবে দুর্বল ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসা রোগীদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। একই সঙ্গে হাসপাতালের ওপর চাপও কমবে।

এই চিকিৎসায় ব্যবহৃত মূল ওষুধটির নাম অ্যাটেজোলিজুম্যাব। এটি শরীরের পিডি-এল১ (PD-L1) নামের একটি প্রোটিনকে ব্লক করে কাজ করে। সাধারণত ক্যানসার কোষ এই প্রোটিন ব্যবহার করে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। কিন্তু ওষুধটি সেই প্রোটিন নিষ্ক্রিয় করে দিলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীর টিউমারে পিডি-এল১ প্রোটিনের মাত্রা বেশি থাকে, তারা এই চিকিৎসা থেকে বেশি উপকার পেতে পারেন। ধারণা করা হচ্ছে, নন-স্মল সেল লাং ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক রোগী এই চিকিৎসার উপযোগী হতে পারেন।

তবে এই যুগান্তকারী চিকিৎসার সবচেয়ে বড় বাধা হচ্ছে এর উচ্চ ব্যয়। প্রতি ডোজ ইনজেকশনের দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি। অনেক রোগীর ক্ষেত্রে ছয়টি পর্যন্ত ডোজ প্রয়োজন হতে পারে। ফলে পুরো চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে রোগীদের আর্থিক সহায়তা দিতে ‘ব্লু ট্রি’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে রোশ ফার্মা। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প সিজিএইচএসের আওতায়ও ওষুধটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কিছু রোগী ভর্তুকি বা সহায়তা পেতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, ব্যয় বেশি হলেও দ্রুত প্রয়োগ, হাসপাতালে কম সময় থাকা এবং তুলনামূলক কম পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এই প্রযুক্তি ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।