


কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান-কে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী মো. নুরুল ইসলাম বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি জনসম্মুখে দেওয়া এক বক্তব্যে মুফতি আমির হামজা, ফজলুর রহমানকে ‘ফজু পাগল’ বলে সম্বোধন করেন। পাশাপাশি তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন এবং অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
নোটিশে বলা হয়েছে, এমন কুরুচিপূর্ণ বক্তব্য একজন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধির সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছে এবং তাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।
মুফতি আমির হামজাকে ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুফতি আমির হামজা বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং বিষয়টি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে দেখবেন।