


মা দিবস উপলক্ষে অভিনব এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মীরা যদি মা–বাবাকে নিয়ে ভ্রমণে যান, তাহলে তাদের জন্য থাকছে বেতনসহ তিন দিনের ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।
দিল্লিভিত্তিক একটি বিপণন ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজত গ্রোভার এই বিশেষ ঘোষণা দেন। শনিবার (৯ মে) বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় রাজত গ্রোভার বলেন, ব্যস্ত জীবনের কারণে অনেক মানুষই বাবা–মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারিয়ে ফেলছেন। অনেকেই নিয়মিত তাদের ইচ্ছা, স্বপ্ন কিংবা শারীরিক অবস্থার খবরও রাখেন না।
তিনি আরও বলেন, কর্মীদের উচিত বাবা–মায়ের পছন্দ, ইচ্ছা ও আনন্দের বিষয়গুলো জানা এবং তাদের নিয়ে অন্তত তিন দিনের একটি ভ্রমণের আয়োজন করা। এই উদ্যোগকে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হবে তিন দিনের বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভাতা।
রাজত গ্রোভারের ভাষ্য, ছোট এই উদ্যোগ পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করবে। একই সঙ্গে কর্মব্যস্ত জীবনে বাবা–মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশের একটি সুযোগ তৈরি হবে।
ভিডিওটি প্রকাশের পর নেট দুনিয়ায় ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, বর্তমান করপোরেট সংস্কৃতিতে এমন মানবিক উদ্যোগ খুব কমই দেখা যায়। আবার কেউ কেউ মনে করছেন, এ ধরনের পদক্ষেপ কর্মপরিবেশকে আরও ইতিবাচক ও পরিবারবান্ধব করে তুলতে পারে।