


ডায়েটের কড়া নিয়মে যারা ক্লান্ত, তাদের জন্য আজ যেন এক স্বস্তির দিন। ৬ মে পালিত হচ্ছে এমন একটি বিশেষ দিন, যা মানুষকে মনে করিয়ে দেয়-শুধু শরীর নিয়ন্ত্রণ নয়, তাকে ভালোবাসাও জরুরি। আজকের দিনে নিজের পছন্দের খাবার খেয়ে আনন্দ করার মধ্যেই রয়েছে এক ভিন্ন বার্তা।
বর্তমান সময়ের জীবনযাত্রায় ফিট থাকা যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। ওজন কমানো, ক্যালোরি মাপা, নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চলা—এসব এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে এই কঠোর নিয়ম অনেক সময় মানুষের ওপর মানসিক চাপ সৃষ্টি করে এবং খাবারের সঙ্গে একটি অস্বস্তিকর সম্পর্ক তৈরি করে।
এই বাস্তবতা থেকেই ১৯৯২ সালে ‘ডায়েট থেকে একদিনের ছুটি’ নেওয়ার এই ধারণার সূচনা করেন মেরি ইভান্স ইয়াং। নিজে খাদ্যজনিত গুরুতর সমস্যায় ভোগার পর সুস্থ হয়ে তিনি উপলব্ধি করেন, শরীর নিয়ে অতিরিক্ত উদ্বেগ মানুষকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার উদ্যোগেই এই দিনটি ধীরে ধীরে বিশ্বজুড়ে পরিচিতি পায়।
এই বিশেষ দিনের মূল উদ্দেশ্য কেবল ইচ্ছেমতো খাওয়া নয়। বরং এটি একটি সচেতনতা—নিজের শরীরকে ছোট করে না দেখা, অযথা দুশ্চিন্তা না করা এবং নিজেকে যেমন আছি তেমনভাবেই গ্রহণ করা। অনেকেই নিজের ওজন বা শরীরের গড়ন নিয়ে হীনমন্যতায় ভোগেন, যা দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন খাবারের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করা। সবসময় কঠোর নিয়মে বাঁধা না থেকে মাঝেমধ্যে নিজের পছন্দের খাবার উপভোগ করাও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।
তাই আজকের দিনটি হতে পারে একটু ভিন্ন। নিয়মের বেড়াজাল ভেঙে প্রিয় খাবার খান, নিজেকে সময় দিন, আর মনে রাখুন-সুস্থতা মানে শুধু ওজন কমানো নয়, বরং নিজের প্রতি ভালোবাসা ও স্বস্তি খুঁজে পাওয়া।