Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে হেযবুত তওহীদের আকিদা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে হেযবুত তওহীদের আকিদা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

May 01, 2026 02:57:46 PM   অনলাইন ডেস্ক
ময়মনসিংহে হেযবুত তওহীদের আকিদা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের শম্ভুগঞ্জে ‘শান্তি, বাক-স্বাধীনতা ও ঐক্যের নিশ্চয়তা কেবল আল্লাহর জীবনব্যবস্থায়’ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী আকিদা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। হেযবুত তওহীদ ময়মনসিংহ জেলা শম্ভুগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

শুক্রবার (১ মে ২০২৬) শম্ভুগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা বাজারে এই প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় দুইশত সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবীতে মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। কেবল স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থাই সমাজে ন্যায়, সাম্য ও প্রকৃত সুশাসন নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, মানুষকে তার মূল পরিচয় বুঝতে হবে যে সে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। তাই বিভেদ ভুলে আল্লাহর হুকুমের ভিত্তিতে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি মো. এনামুল হক বাপ্পা বলেন, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষকে একসূত্রে গাঁথাই হেযবুত তওহীদের মূল লক্ষ্য। আর সেই ঐক্যের ভিত্তি হলো আল্লাহর সার্বভৌমত্ব তথা তওহীদ।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মো. মোরশেদ খান এবং জেলা সভাপতি মো. বাচ্চু মিয়া। এ ছাড়া ময়মনসিংহ জেলা আঞ্চলিক সভাপতি মো. হাবিবুর রহমান রিপন এবং শম্ভুগঞ্জ শাখার সভাপতি জামিউল হক সরকারও এতে বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সম্পাদক কাইয়ুম সরকার। তিনি যুবসমাজকে চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করে সত্যের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা তাদের আলোচনায় একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তারা বলেন, ধর্মের প্রকৃত শিক্ষা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সমাজ থেকে অশান্তি ও হানাহানি দূর করা সম্ভব। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই হেযবুত তওহীদের এই ঐক্যের আহ্বানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।