


বিশ্ব মা দিবসে চাঁদপুরে দেখা গেল এক হৃদয়ছোঁয়া ও ব্যতিক্রমী আয়োজন। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে শিক্ষার্থীরা নিজ হাতে মায়ের পা ধুয়ে সম্মান জানায়। আবেগঘন এ আয়োজনে মা ও সন্তানের চোখে দেখা যায় আনন্দাশ্রু, আর পুরো বিদ্যালয়জুড়ে তৈরি হয় এক অনন্য অনুভূতির পরিবেশ।
রোববার (১০ মে) বিকেলে চাঁদপুরের মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব মা দিবস উপলক্ষে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও সম্মান প্রকাশের এক অনন্য দৃশ্য দেখা যায়।
অনুষ্ঠানে সারিবদ্ধভাবে বসানো হয় শিক্ষার্থীদের মায়েদের। এরপর সন্তানরা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পানি দিয়ে তাদের পা ধুয়ে দেয়। এ সময় অনেক মা আবেগে আপ্লুত হয়ে পড়েন। সন্তানদের এমন ভালোবাসা ও শ্রদ্ধা দেখে কারও চোখে জল, কারও মুখে ছিল গর্বের হাসি। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, মা সন্তানের জীবনের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। ব্যস্ত জীবনের কারণে প্রতিদিন হয়তো মাকে ভালোবাসার কথা বলা হয় না। কিন্তু এই আয়োজনের মাধ্যমে মায়ের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের সুযোগ পেয়ে তারা আনন্দিত।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাভেদ হোসেন বলেন, বিশ্ব মা দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মায়ের প্রতি হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ। একজন মা সন্তানের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেন, নির্ঘুম রাত কাটান এবং নিজের কষ্ট আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। অথচ অনেক সময় সেই মাকে বলা হয় না- “মা, তোমাকে অনেক ভালোবাসি।” তাই এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর জীবনে পারিবারিক বন্ধন অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। এমন আয়োজন সন্তানদের মনে মায়ের প্রতি দায়িত্ববোধ ও সম্মানবোধ আরও দৃঢ় করবে বলে তারা বিশ্বাস করেন।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেয়।