


বোরহান উদ্দিন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় গভীর রাতে বসতবাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগও উঠেছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া ‘পাগলের বটতলা’ এলাকায় বাসিন্দা সামাদ আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সামাদ আলী শেখের ছেলে মো. জুয়েল শেখ বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করে তাকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। পরে জুয়েলকে সামনে রেখে ডাকাতরা ঘরের ভেতরে ঢুকে পরিবারের অন্য সদস্যদেরও প্রাণনাশের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়।
একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্যকে বেঁধে ফেলে ডাকাতরা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয়। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
ডাকাতির পরপরই পরিবারের সদস্যরা লুণ্ঠিত একটি মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেন। ট্র্যাকিংয়ে ফোনটির সর্বশেষ অবস্থান ‘বেজপাড়া সরিষা’ এলাকার একটি স্থানে শনাক্ত হলেও কিছুক্ষণ পর সেটি বন্ধ হয়ে যায়। ফলে পরবর্তীতে আর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে নওপাড়া এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান,
রাতে ঘটনার খবর পাওয়ার পরপরই পাংশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।