


রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে বাল্যবিবাহের তথ্য পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১ মে ) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।
অভিযান কালে, দশম শ্রেণির এক কিশোরী (১৬ বছর ৫ মাস)-এর সঙ্গে ২২ বছর বয়সী এক যুবকের বিবাহের প্রস্তুতি চলছিল। জন্মনিবন্ধন যাচাই করে কিশোরীকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে নিশ্চিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এসময় উপস্থিত লোকজনের মাঝে বাল্যবিবাহের কুফল ও এর আইনগত দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। কিশোরীর বাবা ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় তার মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। তিনি অঙ্গীকার করেন, মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তার বিয়ে দেবেন না এবং তার পড়াশোনা অব্যাহত রাখবেন।

পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কিশোরীর মাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজবাড়ী প্রতিনিধি/বোরহান উদ্দিন