


রংপুর প্রতিনিধি:
রংপুর জেলাবাসীর জন্য আইনগত প্রতিকার পেতে পুলিশ সুপারের দরজা সর্বদা খোলা থাকবে বলে জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। একই সঙ্গে মাদক, সন্ত্রাস এবং নারী নির্যাতনমুক্ত রংপুর গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা রংপুরের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে মাদক বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী নির্যাতনের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। একই সাথে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্বে তথ্য প্রদানে পুলিশ সুপারের সার্বিক সহযোগিতাও কামনা করেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার এবং সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
নবাগত পুলিশ সুপার মোজাম্মেল হক আরো বলেন, জনগণের সঙ্গে সমন্বিত সহযোগিতার মাধ্যমেই একটি কার্যকর ও মানবিক আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই জেলা পুলিশ কাজ করবে এবং রংপুরকে একটি নিরাপদ জেলায় পরিণত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসপি মোহাম্মদ মোজাম্মেল হক এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।