


লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সদর উপজেলার গ্রিন এগ্রো পার্কে জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের শুরুতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরণ এর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ফুটবল, হাড়ি ভাঙা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, মোরগ লড়াই এবং নারীদের জন্য বালিশ বদল খেলা ছিল উল্লেখযোগ্য।
দুপুরের খাবারের পর শুরু হয় মূল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাতেমা আক্তার নাবিলার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে আন্দোলনের মৌলিক লক্ষ্য তুলে ধরে বলেন, হেযবুত তওহীদের মূল কথা হচ্ছে এই পৃথিবী আল্লাহর এবং এখানে হুকুম চলবে একমাত্র আল্লাহর। তিনি বলেন, নিজেদের মোসলমান দাবি করলেও বর্তমানে আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র চলে না। আল্লাহ সুদকে হারাম করেছেন কিন্তু আমাদের অর্থনীতি সুদের ওপর দাঁড়িয়ে আছে। নামাজ, রোজা বা হজ পালন করলেও জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা ব্রিটিশদের তৈরি করে দেওয়া জীবনব্যবস্থা মেনে চলছি। হেযবুত তওহীদ মূলত মানবজাতিকে আল্লাহর দেওয়া এই হুকুমের দিকেই ফিরে আসার আহ্বান জানাচ্ছে। তিনি উপস্থিত সদস্যদের প্রকৃত মোমেন হয়ে আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ও জীবন উৎসর্গ করে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, সদর ও রায়পুর উপজেলার আমির আরমান হোসেন শাকিল, কমলনগর উপজেলার আমির মো. আব্দুল বাতেন এবং জেলা দপ্তর সম্পাদক আশিকুর রহমান আহাদ। এই ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।