Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / শত্রুর সামনে কখনো মাথা নত করবে না ইরান, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

শত্রুর সামনে কখনো মাথা নত করবে না ইরান, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

May 11, 2026 01:27:28 PM   আন্তর্জাতিক ডেস্ক
শত্রুর সামনে কখনো মাথা নত করবে না ইরান, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না এবং নিজেদের বৈধ অধিকার থেকে একচুলও সরে আসবে না। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আত্মসমর্পণ নয় বরং জাতীয় স্বার্থ রক্ষার একটি কৌশল।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান তার বৈধ অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং কোনো চাপের মুখেই জাতীয় স্বার্থ থেকে সরে আসবে না। তার ভাষায়, “আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। বরং এটি ইরানি জনগণের অধিকার আদায় এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ। তার মতে, আলোচনা বা সংলাপকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। জবাবে ইরান স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধবিরতি বা সংঘাত বন্ধের বিষয়েই হতে পারে। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয় পরে আলোচনায় আনা যেতে পারে বলে জানিয়েছে তেহরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের মূল শর্তগুলো মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সন্তোষজনক সমাধান দেয়নি তেহরান। তিনি অভিযোগ করেন, ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনায় সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধকেও তারা “অযৌক্তিক চাপ” হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, যেখানে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।