


বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালুকচরা এলাকায় জমি থেকে গাছ তুলে ফেলা এবং গাছ কাটার প্রতিবাদ করায় মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম (৪৭) বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি দুপুরে সাইদুল ইসলাম তার জমিতে গিয়ে দেখেন, সেখানে রোপণ করা আম, ইউক্যালিপটাস ও বেলজিয়ামসহ মোট ২০টি গাছ উপড়ে ফেলা হয়েছে এবং একটি পেয়ারা গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় একই এলাকার মো. একরাম হোসেন ও তার ছেলে মো. উজ্জলকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, গাছ নষ্ট করার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ঘটনার ভিডিও প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।