Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুয়াডাঙ্গায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুয়াডাঙ্গায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

May 03, 2026 07:16:20 PM   অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) বিকেলে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন ধরণের অসঙ্গতি তুলে ধরেন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের বিকাশ অপরিহার্য। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিক নেতারা। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা অনুসরণের ওপর জোর দেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশ নেন।