


স্পেনের একটি বুফে রেস্তোরাঁ অতিভোজজনিত বমির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যতিক্রমী এক নিয়ম চালু করেছে। এখন থেকে কোনো গ্রাহক অতিরিক্ত খাওয়ার কারণে রেস্তোরাঁর ভেতরে বমি করলে তাকে জরিমানা গুনতে হবে। বিষয়টি স্থানীয়ভাবে ‘বমি ফি’ নামে পরিচিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্পেনের সেভিয়া অঞ্চলের গেলভেস শহরের সুশি তেরো নামের এই বুফে রেস্তোরাঁটি এই নতুন নিয়ম চালু করেছে। কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে অতিভোজের কারণে গ্রাহকদের মধ্যে বমি করার ঘটনা বেড়ে যাওয়ায় পরিবেশ ও পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেস্তোরাঁটির দেয়ালে টাঙানো একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত খাওয়ার কারণে কোনো গ্রাহক বমি করলে সেটি ক্ষতিপূরণযোগ্য ক্ষতি হিসেবে গণ্য করা হবে এবং তার জন্য জরিমানা আদায়ের অধিকার সংরক্ষণ করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের ঘটনা শুধু অন্যান্য গ্রাহকের অভিজ্ঞতা নষ্ট করছে না, বরং রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি, পরিষেবা এবং সামগ্রিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই অতিভোজ নিরুৎসাহিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘সুশি তেরো’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাষায়, তারা নির্ধারিত সময়ে খাবার পরিবেশন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু কিছু গ্রাহকের অতিভোজ রেস্তোরাঁ পরিচালনায় সমস্যা তৈরি করছে, যা অন্যদের জন্যও অসুবিধার কারণ হচ্ছে।
তবে এই বমি ফির সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। জানা গেছে, রেস্তোরাঁটিতে বুফে খেতে সময় ও দিনের ওপর ভিত্তি করে জনপ্রতি ১৬.৯০ ইউরো থেকে ২৩.৯০ ইউরো পর্যন্ত খরচ হয়।
সূত্র: ওডিটি সেন্ট্রাল