Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা

April 20, 2026 04:20:47 PM   অনলাইন ডেস্ক
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। চিকিৎসক হিসেবে পরিচিত এই নতুন মুখকে মনোনয়ন দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ ও আলোচনা।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় স্থান পান ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

ডা. প্রিয়াঙ্কা বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। স্থানীয়দের কাছে তিনি ‘ডা. প্রিয়াঙ্কা’ নামেই বেশি পরিচিত। রাজনীতিতে নতুন হলেও চিকিৎসক হিসেবে তার একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।

এর আগে জাতীয় নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে তিনি ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি তৈরি হয়।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০১৬ সালে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসা পেশায় যুক্ত হন।

রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।