Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক, মনোনয়ন পাননি আফরোজা আব্বাসসহ একাধিক হেভিওয়েট নেতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক, মনোনয়ন পাননি আফরোজা আব্বাসসহ একাধিক হেভিওয়েট নেতা

April 20, 2026 05:32:48 PM   অনলাইন ডেস্ক
বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক, মনোনয়ন পাননি আফরোজা আব্বাসসহ একাধিক হেভিওয়েট নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় এসেছে বড় ধরনের চমক। আলোচিত ও প্রভাবশালী একাধিক নারী নেতার নাম বাদ পড়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়ন না পাওয়া বিষয়টি বেশি নজর কেড়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত এই তালিকায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা একাধিক হেভিওয়েট নারী নেতার নাম বাদ পড়েছে। এতে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

মনোনয়ন না পাওয়া আলোচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এছাড়াও তালিকা থেকে বাদ পড়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, মেঘনা আলম এবং ফারজানা সিঁথিসহ আরও অনেকে।

দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় নতুন সমীকরণ ও কৌশলগত পরিবর্তন দেখা গেছে। ফলে অনেক পরিচিত মুখের জায়গায় এসেছে নতুন প্রার্থীদের নাম।

মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই দলীয় অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।