


সিরাজগঞ্জের বনবাড়িয়ায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন।
এলাকাবাসী জানান, ১৪ নভেম্বর শুক্রবার সকালে জেনিন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহরে যাওয়ার পথে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের কাছে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের নাম রাজু মিয়া। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে।
তিনি স্থানীয় একটি তারকাটা মিলে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক সোহাগ হোসাইন জানান, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাস পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান উপপরিদর্শক।