Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সহস্রাধিক লাশের শেষ গোসল করানো খালেক ঢালী এখন নিজেই অসহায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সহস্রাধিক লাশের শেষ গোসল করানো খালেক ঢালী এখন নিজেই অসহায়

May 06, 2026 08:16:20 PM   অনলাইন ডেস্ক
সহস্রাধিক লাশের শেষ গোসল করানো খালেক ঢালী এখন নিজেই অসহায়

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সহস্রাধিক মৃতদেহকে শেষ বিদায়ের গোসল করানো ৯০ বছর বয়সী বৃদ্ধ খালেক ঢালী এখন নিজেই চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের এই মানুষটি গত কয়েক দশক ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই এই মহৎ কাজ করে আসছেন।

এলাকার যেকোনো প্রান্তে কারো মৃত্যুর খবর পেলেই দিন বা রাত বিচার না করে তিনি সেখানে ছুটে যান। অনেক সময় নিজের আপনজনরাও মৃতদেহ স্পর্শ করতে দ্বিধাবোধ করেন, কিন্তু খালেক ঢালী পরম মমতায় এবং ধর্মীয় নিয়ম মেনে শেষ গোসল ও দাফনের কাজ সম্পন্ন করেছেন। বিনিময়ে তিনি কখনো কারো কাছে কোনো টাকা বা সুবিধা দাবি করেননি। মানুষের শেষ বিদায়টুকু সম্মানজনকভাবে শেষ করাই ছিল তার জীবনের একমাত্র তৃপ্তি।

তবে জীবনের শেষ প্রান্তে এসে তিন মেয়ের বাবা এবং ভূমিহীন এই মানুষটি আজ অভাব, বার্ধক্য আর শারীরিক অসুস্থতায় জর্জরিত। এক সময় অন্যের প্রয়োজনে নিরলসভাবে ছুটে চলা খালেক ঢালী এখন নিজের বাঁচার লড়াইয়ে বড় বিপাকে পড়েছেন। তার সম্বল বলতে এখন শুধু মানুষের ভালোবাসা আর সম্মানটুকু টিকে আছে।

নিজের কাজ সম্পর্কে খালেক ঢালী বলেন, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবা করেছি। এই কাজের জন্য দুনিয়াবি কোনো প্রাপ্তি আমি কখনো আশা করিনি। মানুষের ভালোবাসা আর দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

স্থানীয়দের দাবি, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে এই নিঃস্বার্থ মানুষটির পাশে দাঁড়ানো উচিত। এই ধরণ এর মানবিক মানুষের শেষ বয়সটুকু যেন অন্তত স্বাচ্ছন্দ্যে কাটে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, খালেক ঢালীর সেবামূলক কাজের বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। তার মতো মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। তার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিয়ে তাকে সব ধরণের সহযোগিতা করা হবে।