Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / সড়ক দুর্ঘটনায় মার্কিন নারী বাইকারের মর্মান্তিক মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সড়ক দুর্ঘটনায় মার্কিন নারী বাইকারের মর্মান্তিক মৃত্যু

May 01, 2026 09:48:35 PM   আন্তর্জাতিক ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মার্কিন নারী বাইকারের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালানোর সময় এক লেডি বাইকারের মৃত্যু হয়েছে। লাল বাতি উপেক্ষা করে চৌরাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে গত ২৮ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লিভারমোর শহরে। নিহতের বয়স ছিল ৫০ বছর।

স্থানীয় পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে ইসাবেল অ্যাভিনিউ ও স্ট্যানলি বুলেভার্ডের সংযোগস্থলে। ওই নারী স্পোর্টস বাইক নিয়ে উত্তরমুখী যাচ্ছিলেন এবং চৌরাস্তায় লাল বাতি থাকা সত্ত্বেও তিনি থামেননি।

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে বামে মোড় নেওয়া একটি সেডান গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতরভাবে আহত হন।

খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় লিভারমোর পুলিশ। এর আগেই প্রত্যক্ষদর্শীরা তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে পরে আলামেডা কাউন্টি করোনার ব্যুরো শনাক্ত করে জ্যানেল মার্গারেট বেনসন ওয়েইসফেনিং হিসেবে।

অন্যদিকে, সেডান গাড়ির চালক ছিলেন প্লেজেন্টন এলাকার ৮৭ বছর বয়সী এক নারী। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়িচালক তদন্তে সহযোগিতা করছেন এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

 সিগন্যাল অমান্য করাই এই মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।