


আবারও শুরু হয়েছে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যক্রম। জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান উৎসবের ২০২৪-২০২৫ সালের বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন, এই দায়িত্ব তার জন্য একদিকে আনন্দ ও সম্মানের, অন্যদিকে একজন অভিনেতা হিসেবে গর্বের বিষয়।
বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত বাভাসি চলচ্চিত্র উৎসবে এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে থেকে মোট ৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে জুরি বোর্ডের বিচক্ষণতার আলোকে ৭১টি চলচ্চিত্রের মধ্যে ২৬টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর এই ২৬টি চলচ্চিত্রের মধ্যে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।
আলোচিত এই উৎসবে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হবে বিভিন্ন বিভাগে, যেমন চিত্রনাট্য, নির্মাণ, অভিনয়, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশনা, সম্পাদনা এবং আবহ-সংগীত। প্রতিটি বিভাগে মেধা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। পাশাপাশি নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও বাভাসি চলচ্চিত্র উৎসব প্রতি বছর উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
ইতোপূর্বে বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে যারা বিজয়ী হয়েছেন, তারা বর্তমানে মিডিয়াতে নিজ মেধা দিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং উৎসবের গুরুত্ব ও সাফল্য প্রমাণ করছেন।