


জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাসকারী অসহায় দিনমজুর রহিম বাদশা অবশেষে একটি নতুন ঘর পাচ্ছেন। মঙ্গলবার (১ জুলাই) বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে তাকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকার চেক দেওয়া হয়।
পরিবারে নির্দিষ্ট কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় দিনমজুরের আয়েই রহিম বাদশার সংসার চলে। জরাজীর্ণ ঘরে ঝড়-বৃষ্টিতে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো।
কৃতজ্ঞতা প্রকাশ করে রহিম বাদশা বলেন, “আমি কখনো ভাবিনি নতুন টিনের ঘর হবে। ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই ঋণ শোধ করার নয়। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। আমরা ধাপে ধাপে আরও সহযোগিতা দিয়ে রহিম বাদশার পরিবারের জীবনমান উন্নয়নের চেষ্টা করব।”
ইউএনও’র এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, প্রশাসনের এমন ভূমিকা সমাজের অন্য অসহায় মানুষদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।