Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঈদের সকালে দোকানির মারধরে রক্তাক্ত গ্রাহক, মাথায় ৭টি সেলাই! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদের সকালে দোকানির মারধরে রক্তাক্ত গ্রাহক, মাথায় ৭টি সেলাই!

June 07, 2025 10:55:51 PM   জেলা প্রতিনিধি
ঈদের সকালে দোকানির মারধরে রক্তাক্ত গ্রাহক, মাথায় ৭টি সেলাই!

গাজীপুর সংবাদদাতা:
ঈদের দিনের আনন্দ উপভোগ করার বদলে হাসপাতালে চিকিৎসাধীন মোঃ আল-আমিন (১৯)। শনিবার (৭ জুন) সকালে গাজীপুর মহানগরের বাসন থানার মধ্যভোগড়া এলাকায় সাবান-শ্যাম্পু কিনতে গিয়ে মারধরের শিকার হন তিনি। হামলাকারীদের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয় এবং দিতে হয় সাতটি সেলাই।

ঘটনার পর আল-আমিনের মামাতো ভাই মো. ফারুক বাসন থানায় লিখিত অভিযোগ করেন।

আহত আল-আমিন বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পেশায় চাকুরিজীবী এবং মধ্যভোগড়া এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের সকালে স্থানীয় মুদি দোকানি মো. রফিকের দোকানে সাবান ও শ্যাম্পু কিনতে যান আল-আমিন। কথাকাটাকাটির একপর্যায়ে পূর্বের বিরোধের জেরে রফিক ও তার তিন ছেলে মো. জহিরুল, আরিফ ও আরিফুল মিলে আল-আমিনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।

অভিযোগের বিষয়ে রফিকের স্বজনরা বলেন, সিগারেট দিতে দেরি হওয়ায় আল আমিন উত্তেজিত হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সে লোকজন ডেকে উত্তেজনা সৃষ্টি করে ও মারমুখি হয়। পরে তারা প্রতিরোধ করে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন খান বলেন, “ঘটনাটি তদন্তাধীন, এবং এতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”