


মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামিকে মাত্র দুই ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার করেছে জেলা ডিবি ও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার দরিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা খোকন বিশ্বাস (২৮) একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটকের পর পুলিশের অসাবধানতার সুযোগে হাতকড়াসহ খোকন বিশ্বাস পালিয়ে যায়। এতে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর তাকে ধরতে পুলিশ শ্রীপুর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে।
স্থানীয়দের সহায়তায় টানা অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে দরিয়াপুর এলাকা থেকেই পুনরায় তাকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান জোরদার করা হয়। শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তাকে আবার আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।