


উত্তরের হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া। পঞ্চগড়ের এই সীমান্তবর্তী উপজেলায় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে গত কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতেই রেকর্ড হচ্ছে, যা শীতের তীব্রতা আরও স্পষ্ট করে তুলেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ, যা হিমেল বাতাসের সঙ্গে মিলিত হয়ে শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। এর আগের দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে ওঠে ১৫ ডিসেম্বর। সেদিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনগুলোতেও ভোর ও সকালের দিকে কুয়াশা এবং হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা ছিল চোখে পড়ার মতো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে এই উপজেলায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। উত্তর দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে আগামী কয়েক দিনেও তেঁতুলিয়ায় শীতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।