Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / কুমিল্লায় পথে পথে তারেক রহমানকে বরণ, নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে রূপ নেয় মহাসড়ক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

কুমিল্লায় পথে পথে তারেক রহমানকে বরণ, নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে রূপ নেয় মহাসড়ক!

May 16, 2026 01:07:55 PM   দেশেরপত্র ডেস্ক
কুমিল্লায় পথে পথে তারেক রহমানকে বরণ, নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে রূপ নেয় মহাসড়ক!

চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় ব্যাপক গণসংবর্ধনা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দাউদকান্দি থেকে শুরু করে কুমিল্লার বিভিন্ন অংশে মহাসড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো পথটি উৎসবমুখর হয়ে ওঠে। পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে বরণ করেন নেতাকর্মীরা, যা পুরো এলাকায় জনসমুদ্রের চিত্র তৈরি করে।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে তারেক রহমান দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করেন। সেখান থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আগে থেকে অবস্থান নেওয়া নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে শুরু করেন। কুমিল্লার বিভিন্ন পয়েন্টে এই গণজমায়েত ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে।

সরেজমিনে দেখা যায়, দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। তাদের হাতে ব্যানার-ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তারেক রহমানের গাড়িবহর ঘিরে বিপুলসংখ্যক নেতাকর্মী ভিড় করেন।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইলিশের বাড়ি এলাকায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তারেক রহমান। পথিমধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে তার একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ব্যাপক জনসমাগম ঘটে। তাদের দাবি, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে লাখেরও বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে এই অভ্যর্থনা জানান।

পথজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও উপস্থিতিতে পুরো কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক কার্যত উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।