Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস উদযাপিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস উদযাপিত

May 01, 2026 07:55:22 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস উদযাপিত

কুমিল্লা প্রতিনিধি:
‘সুস্থ শ্রমিক, দক্ষ হাত- নতুন দিনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে এ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে নগরীর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের অধিকার রক্ষা, কর্মপরিবেশের নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নির্দিষ্ট কর্মঘণ্টা বজায় রাখা এবং কাজের জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।