Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জে হেযবুত তওহীদের বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জে হেযবুত তওহীদের বিক্ষোভ ও মানববন্ধন

May 22, 2025 08:43:26 PM   উপজেলা প্রতিনিধি
গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জে হেযবুত তওহীদের বিক্ষোভ ও মানববন্ধন

তাজুল ইসলাম:
ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হেযবুত তওহীদ। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের পৌর মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সিলেট বিভাগের আমির আলী হোসেন, সহকারী আমির এম এ মোতালেব, হবিগঞ্জ জেলা আমির মিনহাজুল আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, “বাংলাদেশের মুসলমানরা যখন নিজেরা বিভাজিত হয়ে পড়েছে, ঠিক তখন ফিলিস্তিনে হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের ভাই-বোনদের ওপর চলছে ভয়াবহ নিপীড়ন। ঘরবাড়ি, স্কুল-কলেজ, হাসপাতাল ও মসজিদ- কোনো কিছুই রেহাই পাচ্ছে না। শুধু গত এক বছরে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার শিশু হত্যার শিকার হয়েছে। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে নিহতদের দাফনের জন্য পর্যন্ত লোক পাওয়া যাচ্ছে না।”

তারা আরও বলেন, “বিশ্বব্যাপী মুসলিম জাতির ওপর চলমান নিপীড়ন বন্ধ করতে হলে একমাত্র পথ হলো- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এই কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। দলাদলি, ফিরকা ও মতভেদের উর্ধ্বে উঠে কেবল আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা মেনে চলতে হবে। কোরআন ও রাসূল (সা.)-এর দেখানো পথই মুক্তির পথ।”

বিক্ষোভ ও পথসভায় সংগঠনের দুই শতাধিক নারী-পুরুষ নেতাকর্মী অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে তারা গাজায় গণহত্যার প্রতিবাদ জানায় এবং মুসলিম জাতির করণীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করে।