Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘাটাইলে নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘাটাইলে নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস পালিত

May 01, 2026 07:53:19 PM   অনলাইন ডেস্ক
ঘাটাইলে নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস পালিত

আল আমীন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের ব্রাহ্মণশাসন বাজার আঞ্চলিক শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৭টায় জাতীয় পতাকা ও ট্রেড ইউনিয়ন পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর শ্রমিকদের মাঝে লাল-কালো ব্যাজ বিতরণ করা হয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নির্মাণ শ্রমিকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

সংগঠনের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন। আব্দুস সামাদ বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বলেন, নির্মাণ শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অবকাঠামো গড়ে তুললেও অনেক সময় তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন। নিজের অধিকার বুঝে পেতে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সব শ্রমিককে সংগঠনের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম স্বপন, ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান তরুণ এবং ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের সম্মান ও উন্নয়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।