Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

May 14, 2026 12:08:35 PM   অনলাইন ডেস্ক
টঙ্গীতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গী এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে গাজীবাড়ি বউবাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীবাড়ি বউবাজার এলাকার পাঁচ কক্ষবিশিষ্ট একটি জুতার কারখানায় ভোরে হঠাৎ আগুন লাগে। ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর টঙ্গী স্টেশন।

খবর পাওয়ার পর টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম–এর নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির কোনো বৈধ অনুমোদন ছিল না। এমনকি সেখানে প্রয়োজনীয় ফায়ার লাইসেন্সও ছিল না। ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ নির্ধারণে আরও তদন্ত করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার ভেতরে থাকা মালামাল ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অনেক কারখানাই যথাযথ অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়া পরিচালিত হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।