Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ডিভোর্সি স্ত্রী হত্যায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডিভোর্সি স্ত্রী হত্যায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

May 04, 2025 08:10:30 PM   অনলাইন ডেস্ক
ডিভোর্সি স্ত্রী হত্যায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা সদর প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ডিভোর্সি স্ত্রী কমলা খাতুনকে হত্যার মামলায় নিহতের সাবেক স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ২০২২ সালের ১৮ নভেম্বর বিকেল ৪টার দিকে গাজীপুর টঙ্গী মিরা বাজার এলাকা থেকে কমলা খাতুন বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৯ নভেম্বর সকাল ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার খলিসাউড়া এলাকার বালুচড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে কলাবাগান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তে দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। এরপর নিহতের ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে, পারিবারিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অংশ হিসেবে সাবেক স্বামী নিজাম উদ্দিন তাকে হত্যা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বড়বাট্টা গ্রামের কমলা খাতুনের সঙ্গে পূর্বধলার আগিয়া গ্রামের নিজাম উদ্দিনের বিবাহ হয়। বিবাহের পর দাম্পত্য কলহের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর কমলা গাজীপুর জেলার টঙ্গী মিরা বাজার এলাকায় তার ছোট বোন চাম্পা খাতুনের বাসায় বসবাস করতেন। সেখান থেকে তিনি একটি গার্মেন্টে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় তার সাবেক স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হতো। একদিন ভাতিজার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কমলা। নিখোঁজের পরদিন, ২০২২ সালের ১৯ নভেম্বর বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিসাউড়া ইউনিয়নের পাবই দাসপাড়া বালুচড়া বাজারের দক্ষিণ পাশে একটি পাকা সড়কের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে তার বড় ভাই নিজাম উদ্দিন (৩৫) বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও পিবিআই তদন্ত করে কমলার সাবেক স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ আগস্ট তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বাদী ও বিবাদী উভয় পক্ষের সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে রবিবার বিকেলে নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ।