Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশিত হলো - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশিত হলো

February 09, 2026 12:26:03 PM   অনলাইন ডেস্ক
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশিত হলো

ঢাকার সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েবসাইটে এই অধ্যাদেশের গেজেট প্রকাশিত হয়।


এর আগে, গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়েছে। এই অধ্যাদেশের মূল লক্ষ্য হলো রাজধানীর সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় নিয়ে এসে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসন করা।


নতুন অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। সংযুক্ত কলেজগুলো নিজেদের নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকার অক্ষুণ্ণ রাখবে।


অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোও নির্ধারণ করা হয়েছে। এখানে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন পদসংস্থান রয়েছে। আচার্য হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন, এবং উপাচার্য নিয়োগ সিনেট মনোনীত প্যানেল থেকে করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষাগত, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার দায়িত্ব পাবে।


বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলা সহ বিভিন্ন পৃথক স্কুল গঠন করা হবে। প্রতিটি স্কুলের নেতৃত্বে একজন ‘হেড অব স্কুল’ থাকবেন। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও কাঠামোর অধীনে পরিচালিত হবে।


ভর্তির ক্ষেত্রে, শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এছাড়া, কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনা করা হবে এবং শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হয়েছে।


অধ্যাদেশে আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার বিশেষ বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথাও বলা হয়েছে। ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম চালানোর বন্দোবস্তও রয়েছে।